বুধবার সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামি পাঁচ বছর দেশের উন্নয়ন করাই এখন একমাত্র লক্ষ্য। সেজন্যে দেশ ও জনগণের কল্যাণে কাজে আসে এমন সব প্রকল্প গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ নয় বছর পর বুধবার অনুষ্ঠিত হয় পরিকল্পনা কমিশনের সভা। রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম এই সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, টানা পনের বছর ক্ষমতায় থাকার কারণে নানা ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের সেই ধারা এখন আরও এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দেশের কাজে আসে না এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। কোন প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে, জনগণের উপকারে আসবে তা আগে যাচাই বাছাই করতে হবে। এরপর প্রকল্প গ্রহণ করতে হবে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম সাংবাদিকদের জানান, অপচয় রোধ করে দেশের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি কাজে নজরদারি বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।