বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

টাঙ্গাইলের দাদাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০১-২১ ২২:৩১:৩২

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাতি রাব্বীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৪)। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মো.রাব্বী(২০) কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।
র‌্যাব-১৪’র সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম  প্রেস ব্রিফিংয়ে বলেন, নাতি রাব্বীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাদা আব্দুল মান্নানের বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকালে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বী। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসক মান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় রাব্বীকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাব্বীসহ তিনজন পলাতক ছিলেন। বাকি দুইজনকে গ্রেফতারেবিভিন্ন স্থানে অভিযান চলছে।

 


এ জাতীয় আরো খবর