মঙ্গলবার, মে ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৩ ১০:২৮:৫৫

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়র্টাসের বরাত দিয়ে শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আরেকটি স্থানে হামলা চালিয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ওই জায়গা থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছিল হুতি যোদ্ধারা।
রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ চ্যানেলের খবরে বলা হয়েছে, সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকে পোস্ট দিয়েছেন। সেগুলো থেকে জানা গেছে, সানার পাশেই একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা হয়েছে।
এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হুতি বিদ্রোহীদের অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, হুতিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশের সেনারা। হামলায় ব্যবহার করা হয়েছে টোমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র। যেগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া হামলায় যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, আমরা হুতিদের প্রতিক্রিয়া জানাবো, যদি তারা এই আপত্তিজনক আচরণ চালিয়ে যায়’। শুক্রবার ‘আক্রমণ বন্ধ না হলে আপনি কি হুতিদের ওপর বোমা হামলা চালিয়ে যাবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় গণহত্যার মামলা ভুল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। শুক্রবার (১২ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগে আদালতে গাজায় গণহত্যা মামলার শুনানির শেষদিন এমন দাবি করেন দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী রোনাল্ড লামোলা। সূত্র: আল-জাজিরা

 


এ জাতীয় আরো খবর