নতুন মৌসুম সামনে রেখে বিপিএল ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স দল। নির্বাচনের লড়াই শেষে মাঠের লড়াইয়ে যোগ দিতে রংপুর রাইডার্সের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
রাজনৈতিক কর্মকাণ্ড তাঁর খেলায় কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তিনি। রংপুরের হয়ে এবারের আসরের শিরোপা জিততে চান এই অলরাউন্ডার। তিনি জানালেন, আগামী ২০শে জানুয়ারি বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।
দরজায় কড়া নাড়ছে বিপিএল ক্রিকেটের দশম আসর। প্রায় দেড় মাসের এই টুর্নামেন্ট সামনে রেখে সবার আগে প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স।
মঙ্গলবার সকালে নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দিনের প্রস্তুতি সেরেছে রংপুর রাইডার্স। প্রথম দিনে উপস্থিত ছিলেন শামীম পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি সহ অনেক ক্রিকেটার।
অনুশীলন শুরুর দিনেই দলের সাথে যোগ দেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই ফিটেনেসের কাজ সেরে সাকিব নেমে পড়লেন ব্যাটিংয়ে। ব্যাট হাতে নেটে কাটান ব্যস্ত সময়। ইনজুরি আর নির্বাচনি প্রচারণার কারণে প্রায় আড়াই মাস ধরে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। জানালেন, রাজনীতির প্রভাব খেলার মাঠে পড়বে না।
দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে রংপুর রাইডার্স। সাকিব জানান, চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।
আগামী ১৯শে জানুয়ারি শুরু হবে বিপিএল ক্রিকেটের এবারের আসর।