মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বিএনপি নির্বাচনকে প্রতিহত করতে চাচ্ছে-সিইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-৩১ ০২:২১:৪৪
সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন বিএনপি নির্বাচনকে প্রতিহত করতে চাচ্ছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কমিশন প্রস্তুত রয়েছে। সিইসি বলেন নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করছে, এটা গণতান্ত্রিক অধিকার। তবে তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুতি রয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের অভিযোগ একেবারেই নগণ্য। নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের আস্থাশীল করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমানো হবে না। তবে কেউ ফেব্রিকেট তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সার্কিট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সিলেটের ৬টি আসনের প্রার্থীদের সাথে বৈঠক করেন সিইসি। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেন তিনি। এরপরে গণমাধ্যমের সাথে কথা বলেন। এসময় নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপস্থিত ছিলেন। বৈঠকে সিলেটের বিভিন্ন আসনে পোস্টার ছিঁড়ে ফেলা ও টাকা ছড়ানোর অভিযোগ করেন বেশ কয়েকজন প্রার্থী। নির্বাচনী পরিবেশ ঠিক না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন কয়েকজন প্রার্থী। জেলার ৬টি আসনের প্রার্থীদের প্রায় সবাই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তবে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও সিলেট-৪ আসনের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সভায় উপস্থিত হননি। তাদের পক্ষে উপস্থিত ছিলেন তাদের প্রতিনিধিরা।

এ জাতীয় আরো খবর