আজ ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারনের ফুলে ফুলে ভরে উঠে স্মৃতিসৌধের বেদী। সব বিভেদ ভুলে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার ছিলো সবার কণ্ঠে। শ্রদ্ধা জানানোর পর বিশিষ্টজনেরা বলেন, স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশে গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চলছে। এদিকে, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বিএনপি নেতারা।
মহান বিজয় দিবসে সূর্যোদয়ের পরপরই সাভারে জাতীয় স্মৃতি সৌধে লাখো মানুষের ঢল নামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কৃতজ্ঞচিত্তে বীর শহীদদের স্মরণের পাশাপাশি সবার কণ্ঠে ছিলো স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনের অঙ্গীকার।
লাল-সবুজ পোশাকে, জাতীয় পতাকা আর প্রাণভরা আবেগ নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান সহ সব বয়স আর শ্রেণী-পেশার মানুষ।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরায় উদ্বেগ প্রকাশ করে বিশিষ্টজনেরা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে ঐক্যবদ্ধ করতে হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সাথে নিয়ে গণতন্ত্রের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। এসময় বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে।
বিজয়ের সুফল পেতে মুক্তিযুদ্ধের আদর্শের পথ ধরে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।