বুধবার, জুন ২৪, ২০২৬

রা ব বা নী স র কা র

  • হাতে ঘি পাতে ঘি
  • ২০২৩-১২-১৩ ১১:০৯:৫২

চলছে চলবে, অসাধুর ব্যবসা চলবে।
কার ঘাড়ে ক'টা মাথা আছে যে
                            হক কথা বলবে !

ভেবে দেখি যত দোষ
আদালতে নন্দঘোষ
ফোঁস- ফাঁস হয় যে বেশরম জনতার,
যাতে আছে এত ঝাঁজ
খাবে কেন সে পেঁয়াজ
জানে নাকি জারিজুরি,
ক্ষমতার বাহাদুরি
এ'সবই তো আমাদের জাতিগত অধিকার।

যাতে হয় গা গরম
কী শরম কী শরম !
তবু মজা খুঁজে পাই মাংস ও পেঁয়াজে,
নুন মাখা ভাত খেলে
বেড়ালও কাশী গেলে
মিটবে কী স্বাদ বলো বাঙালি রেওয়াজে !

পান্তা ভাতে ঘি, পাই কি ! পাই কি !
গোলাভরা ধান ছিল
পুকুরের মাছ ছিল
কড়াইয়ে দুধ ছিল 
মনে বড়ো সুখ ছিল ---
এইসব মনে ক'রে
মিছেমিছি কেঁদে মরে
কী লাভ ! এসো ভাই দুইহাতে তালি দি'
দেখো না এখনো যে হাতে মাখা গাওয়াঘি !


এ জাতীয় আরো খবর