বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গাজায় বেসামরিক মানুষের ওপর হামলার তীব্রতা বাড়িয়েই যাচ্ছে ইসরাইল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৩ ০০:০৫:৩৪

গাজায় বেসামরিক মানুষের ওপর হামলার তীব্রতা বাড়িয়েই যাচ্ছে ইসরাইল। এবার এই আগ্রাসনে তাল মেলালো আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জানিয়েছেন, তেল আবিবের লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত তাদের জন্য সামরিকসহ সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে, ইউরোপিয় ইউনিয়ন বলছে, তেল আবিব ধ্বংসযজ্ঞ বন্ধ না করলে নিষেধাজ্ঞা আরোপের পথে যাবে তারা। এদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ সাধারণ পরিষদ আজ বিশেষ অধিবেশনে বসছে। 
এদিকে, নিরাপদ আশ্রয়, ক্ষুধা আর স্বজন হারানোর বেদনায় দিশেহারা গাজার মানুষ। জাতিসংঘের খাদ্য বিষয়ক মুখপাত্র মাইকেল ফাখরি বলেছেন, গাজার প্রতিটি মানুষ ক্ষুধার্ত। তাদের কাছে ত্রাণ পৌঁছানো ছাড়া তাদের ক্ষুধা নিবারণের বিকল্প কোন পথ খোলা নেই। 
ফিলিস্তিনের গাজা উপত্যকার অবস্থা যত গুরুতরই হোক না কেন নিজেদের বর্বরতার নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই ইসরাইলের। গাজা থেকে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে আগ্রাসন চালানোর কথা বললেও তাদের নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না কেউই। মঙ্গলবারও উত্তর গাজার জাবালিয়া ও শেজাইয়ায় হামাসের ঘাটির সন্ধানে তান্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় আবাসিক শহর খান ইউনিসের কেন্দ্রে চালাচ্ছে ট্যাংক হামলা। এমনকি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপরও সহিংসতা চালাচ্ছে তারা। 
ইসরাইলি বাহিনীর এই ধ্বংসযজ্ঞের কথা বলতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনেছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক। এ অবস্থা চলতে থাকলে তেল আবিবের ওপর ইউরোপিয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে পরে ইঙ্গিত দিয়েছেন তিনি।  
তবে ইসরাইলের পরম মিত্র আমেরিকা এই বর্বরতার পক্ষেই সুর মিলিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত হামাস নির্মূল না হয় ততক্ষণ সহায়তা দিয়ে যাবে তারা। সামারিক সহয়তাও অব্যহত রাখার কথাও জানিয়েছেন তিনি। 

 


এ জাতীয় আরো খবর