কক্সবাজারের মাতারবাড়িতে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে বদলে দিয়েছে আওয়ামী লীগ। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ জীবনমানের উন্নয়ন ঘটে। তিনি বলেন, উপকূলীয় এলাকায় বহুবার ঝড়-জলোচ্ছ¡াস হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া আর কোন দল বা কোন সরকার মানুষের পাশে এসে দাঁড়ায়নি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে কষ্ট না পায়, সেই লক্ষ্য নিয়েই তাঁর সরকার কাজ করে। সমুদ্র এলাকার মানুষের জীবনের নিরাপত্তা ও জীবনমানের উন্নতির জন্য বর্তমান সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার কাজ চলছে। চাষিরা যাতে লবণ উৎপাদনের জন্য আরো আধুনিক প্রযুক্তি ও সঠিক মূল্য পান, সেই উদ্যোগ নেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের সেবক, জনগণের জন্য কাজ করে। বাংলাদেশের মানুষকে যেন আর কখনও কষ্ট করতে না হয়, এটাই একমাত্র চাওয়া বলে উলেখ করেন প্রধানমন্ত্রী। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। এসময় জনসভাস্থল ‘নৌকা’ ‘নৌকা’ ধ্বনিতে মুখরিত হয়।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মানুষের ভিতর মনুষ্যত্ব থাকলে জীবন্ত মানুষ পুড়িয়ে মারতে পারে না। পুড়িয়ে মানুষ হত্যা ও সম্পদ নষ্ট করাই বিএনপি-জামায়াতের কাজ। এরা ধ্বংস করতে জানে মানুষের কল্যাণ করতে জানেনা।
জনসভায় যোগ দেয়ার আগে মহেশখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।