সোমবার, মে ২৫, ২০২৬

পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১১ ১০:১৫:৫৯

শনিবার (১১ই নভেম্বর) কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকাল ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নে ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া বিকেলে মহেশখালীতে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে পর্যটন নগরীতে। 
সবুজ পাহাড় আর সমুদ্রের নীল জলরাশি দিয়ে সাজানো দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের এই শহরের সড়ক, নৌ ও আকাশপথের পর এবার রেল পথের যোগাযোগ স্থাপিত হচ্ছে। আজ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে ঝিনুক আকৃতির বহুতলবিশিষ্ট দৃষ্টিনন্দন রেলস্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। এছাড়া মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল, বাকখালী নদীর উপর নির্মিত সেতুসহ ১৫ টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 
প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় গোটা কক্সবাজারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এসব প্রকল্প উদ্বোধন হলে অর্থনৈতিকভাবে পর্যটন নগরীর বিকাশ আরও গতি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। 
এদিন, বিকেলে মহেশখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরইমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শেখ হাসিনার আগমন উপলক্ষে মহেশখালীতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানান স্থানীয় নেতারা।


এ জাতীয় আরো খবর