শুক্রবার (১০ নভেম্বর) সকালে গণভবনে শীত মৌসুমে শীতার্ত মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-অবরোধে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ইদানীং আবার অগ্নিসন্ত্রাস আর অবরোধ শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বেশি। একজন মানুষ হয়ত কষ্ট করে সারাজীবনে একটা বাস কেনেন, আর অবরোধে সেটা পোড়ানো হচ্ছে। বাসের ভেতর হেলপার ঘুমিয়ে আছেন, সেই ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে।
এসময় দেশের অর্থনীতি ঠিক রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে সবখানে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।