মঙ্গলবার, মে ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-০৬ ০৯:৩৫:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেন। এরপর তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।  এ সময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন। 
মোনাজাতে বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 
এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে।
শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন।
পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৬ই নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।
ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন।
৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

 


এ জাতীয় আরো খবর