শনিবার (২১ অক্টোবর) বিশ্বকাপে আরো একটি জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে নেদারল্যান্ডের কাছে হোঁচট যেন প্রোটিয়াদের আরো তাতিয়ে দিল। ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে রানের পাহাড় গড়ে আগেই জয়ের পথটা পরিষ্কার করে রেখেছিল মার্করামের দল।
এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ ওভারেই ইংলিশদের অলআউট করে দিলেন বোলাররা। টস জিতে তাই বোলিং নেওয়ার জন্য আফসোস করতে পারে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্যাটিং উইকেটে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা যে বুমেরাং হয়েছে ইংরেজদের জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে হেনরিখ ক্লাসেন ঝড়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। এতে ২২৯ রানের বিশাল জয় পায় প্রটিয়ারা।
ইংল্যান্ডের টপ অর্ডার ধসের পর শেষ দিকে মার্ক উডের ১৭ বলে ৪৩ রানের তাণ্ডবে শুধু হারের ব্যবধানই কমিয়েছে বাটলারের দল। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এটকিনসন। ২১ বলে ৩৫ রান করেন এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন কোয়েটজে।