রবিবার, মে ৩১, ২০২৬

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সহজ হয়-সিইসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-০৫ ০০:৩১:১৬

বুধবার নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের জন্য সহজ হয়। দেশের সুশীল সমাজ এ ব্যাপারে ভূমিকা রাখতে পারে। তবে তিরি এও বলেন যে, দেশে এখনো নির্মোহ সুশীল সমাজ তৈরি হয়নি। 
এসময়, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ইসি’র প্রতি আহবান জানান বিশিষ্টজনরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সাথে আলোচনা করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বুধবার নির্বাচন ভবনে এই কর্মশালার আয়োজন করে কমিশন। এতে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিকরা। 
কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা ও স্থানীয় প্রশাসনকে নির্বাচনের সময় নিরপেক্ষ রাখতে হবে।
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও বলেন তারা।
কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাউকে নির্বাচনে আনা ইসির দায়িত্ব নয়। পোলিং এজেন্টরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রয়োজনে রাজনৈতিক দলগুলো পোলিং এজেন্টদের তালিকা আগেই নির্বাচন কমিশনে জমা দিতে পারে।
সিইসি বলেন, রাজনৈতিক সমঝোতা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা ইসির জন্য সহজ। নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন পদক্ষেপ নেবে বলেও জানান সিইসি।


এ জাতীয় আরো খবর