রবিবার, নভেম্বর ২২, ২০২৬

‎সংযোগ সড়কের ভূমি অধিগ্রহন জটিলতায় থমকে গেছে পাইকগাছার কড়ুলিয়া নদীর উপর সেতু নির্মাণ কাজ

  • ‎‎শেখ নাদীর শাহ্
  • ২০২৬-১১-২১ ১৮:৫৩:২৭

(পাইকগাছা)খুলনা:
‎সংযোগ সড়কের জমির অধিগ্রহন জটিলতায় আটকে গেছে খুলনার পাইকগাছার লস্করে কড়ুলিয়া নদীর উপরে ১২০ কোটি টাকা ব্যয়ে ৭৪৯ মিটার দৈর্ঘ্যের লস্কর-বাইনতলা সেতুর নির্মাণকাজ।
‎‎সেতুর মূল অবকাঠামোর ৭৬ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও সংযোগ সড়কের কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের পাশাপাশি হতাশা দেখা দিয়েছে এর জমি মালিকদের মধ্যে।
‎‎জানাগেছে, পাইকগাছা জিসি সড়ক থেকে লস্কর-বাইনতলা, বগুলারচক-শুড়িখালী, ভান্ডারপোল এবং গিলাবাড়ী-জিসি সড়কের ২৩শ মিটার অংশের কড়ুলিয়া নদীর ওপর পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় ১২০ কোটি টাকা ব্যয়ে ৭৪৯ মিটার (পৌনে ১ কি:মি:) দৈর্ঘ্য ও ৯.৮ মিটার (৩২ ফুট) প্রশস্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ২০২৩ সালের ১৩ নভেম্বর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনডিই’। ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে আনুষ্টানিকভাবে এর নির্মাণকাজ শুরু করে একই বছরের সেপ্টেম্বর মাসে।
‎‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটির ৭৬ শতাংশ কাজ শেষ করেছে। সেতুর মোট ২৪০টি পাইলের কাজ এবং ২৫টি আরসিসি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। নদীর মাঝখানে ৭৫ মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যান বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে সেতুর উভয়পাড়ে লস্কর-খড়িয়া অংশে ৩ শ’ মিটার দৈর্ঘের সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির অধিগ্রহণ প্রক্রিয়া আটকে থাকায় সামগ্রিক নির্মাণকাজে নেতিবাচক প্রভাব পড়েছে।
‎‎তথ্যানুসন্ধানে জানা যায়, সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই পাড়ে প্রায় ২.৭১ একর জমির মালিকদের ৩ ধারার নোটিশ জারির দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ৪ ধারার নোটিশ জারি করা হয়নি। এর ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ হাতে পাচ্ছেন না।
‎‎এ প্রসঙ্গে চিংড়ি চাষি ও জমি মালিক এসএম রেজাউল করিমসহ অনেকেই আক্ষেপের সাথে জানান, নানা জটিলতার মূখে সম্প্রতি কর্তৃপক্ষ জমির মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠালেও জমি মালিকরা ঠিক কবে নাগাদ তাদের ক্ষতিপূরণের টাকা হাতে পাবেন, তার সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা এখনও মেলেনি।
‎‎এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার সাহেব আলী জানান, এখন পর্যন্ত তারা প্রকল্পের ৭৬ ভাগ কাজ সম্পন্ন করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছেন। তবে এখনোও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংযোগ সড়কের কাজ শুরু করতে পারছেননা তারা।
‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি প্রকৌশল অধিদপ্তর ও জেলা এলএ শাখা যৌথভাবে দেখভাল করছে।
‎‎উপজেলা প্রকৌশলী এমএ আব্দুস সামাদ বলেন, কাজের সার্বিক অগ্রগতি সন্তোষজনক। এখন জেলা এলএ শাখা থেকে প্রেরিত ফাইলটি মন্ত্রণালয় থেকে অনুমোদন সাপেক্ষে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে।
‎‎সেতুটির বাস্তবায়নে পাইকগাছা- কয়রার পাশাপাশি ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা এবং সাতক্ষীরার আশাশুনিসহ বিস্তীর্ণ জনপদের অন্তত ৬ লাখ মানুষ সরাসরি সড়কপথে খুলনা জেলা সদরের সাথে যুক্ত হতে পারবেন। বিশেষ করে পাইকগাছা ও কয়রা দু’ উপজেলার মানুষকে দীর্ঘপথ ঘুরে শিববাটি ব্রিজ হয়ে যাতায়াত করতে হয়। যা দুই ঘন্টার স্থলে আধা ঘন্টা সময় বাঁচানোর পাশাপাশি অর্থ সাশ্রয় হবে।
‎‎বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জনপদের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন শিল্প ও সামগ্রিক জীবনযাত্রায় আসবে আমুল পরিবর্তন।

 


এ জাতীয় আরো খবর