সোমবার, নভেম্বর ৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত,আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০৯ ২১:৩৫:৪২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি কালভার্টের সাথে ধাক্কা লেগে  মোটরসাইকেল নিয়ে পাশের  কচুরীপানা ভর্তি ডোবায় পড়ে মোহাম্মদ আলী(১৭) নামে  মোটরসাইকেল আরোহি এক তরুন  নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মো. নাহিদ(১৭) নামে  একই মোটরসাইকেল আরোহি অপর এক তরুন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোহাম্মদ আলী শিবগঞ্জ পৌর লাগাতপাড়া মহল্লার  সামির আলীর ছেলে। আহত নাহিদ একই মহল্লার  মো. লিটনের ছেলে। হতাহতরা শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে (৯নভেম্বর) শিবগঞ্জ পৌর মনাকষা মোড় সংলগ্ন আলুপট্টি (মাষ্টারপাড়া) এলাকায় একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে কালভার্টে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে পাশের ডোবায় পড়ে যায় মোহাম্মদ আলী ও নাহিদ।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায়  ফায়ার সার্ভিস ও পুলিশ  রাত ২টার দিকে নাহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলটিও উদ্ধার হয়। তবে খোঁজ না মেলায় নিহত মোহাম্মদ আলীকে রাতে উদ্ধার করা সম্ভব হয় নি। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে ওই ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
এদিকে সোমবার বিকাল ৩টার দিকে মডেল স্কুলের সামনের সড়কে  মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধারে বিলম্ব হবার জন্য মূলত ফায়ার সার্ভিসকে দায়ী করে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘন্টা অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  মাজহারুল ইসলাম শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রফিকুল ইসলামকে সাথে নিয়ে  শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিস কর্মকর্তা দূ:খ প্রকাশ করেন।
ইউএনও বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়েছে। সড়কে বাতি  দেয়া হবে। ফায়ার সার্ভিসের আধুনিকায়নের জন্যও  যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)  আরিফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ। 

 


এ জাতীয় আরো খবর