সূর্যসন্তানের গলায় অপমানের দাগ,
শিক্ষকের চোখে নীরব অশ্রু ঝরে-
এ কেমন সময় নেমে এলো দেশে,
যেখানে সম্মান হেরে যায় উন্মত্ত ভিড়ে?
যারা গড়েছে এই মাটি রক্তে-ঘামে,
যারা লিখেছে স্বাধীনতার ইতিহাস,
তাদেরই কেন অপমানের মিছিল—
এই প্রশ্নে কাঁপে আকাশ-বাতাস।
শিক্ষক—যারা আলোর পথ দেখায়,
জাতির মেরুদণ্ড গড়ে নিরবধি,
তাদের কণ্ঠ রুদ্ধ, পথ রুদ্ধ,
অপমানের ভারে নত হয়ে দাঁড়ায় হৃদয় নিঃশব্দে।
ভয় ছিল রাস্তায়, ভয় ছিল চোখে,
মবের চিৎকারে ঢেকে যেত সত্য,
দলের নামে বিভক্ত জনতা
হারিয়ে ফেলেছিল বিবেকের শক্ত।
আইন কোথায়? ন্যায় কোথায়?
প্রশ্নগুলো ভাসে বাতাসে আজও,
অপরাধীর বিচার হয়নি নিয়মে,
অপমানই যেন হয়ে উঠেছিল রাজপথের সাজ।
তবু এই অন্ধকার শেষ নয়,
সব আলো নিভে যায় না কখনো,
কিছু তরুণ এখনো বুকের ভেতর
স্বাধীনতার মানচিত্র আঁকে গোপনে।
প্রবীণের অভিজ্ঞতা, তরুণের শক্তি—
যদি একসাথে দাঁড়ায় দৃঢ় হয়ে,
তবে আবার জেগে উঠবে এই দেশ,
সম্মানের আলোয় নতুন করে।
আজকের এই কলঙ্ক একদিন
শিক্ষা হয়ে ফিরবে ইতিহাসে—
অপমান পুড়িয়ে, মাথা উঁচু করে
বাংলাদেশ দাঁড়াবে নিজস্ব আভাসে।
২৬ নভেম্বর,২০২৫