শনিবার, নভেম্বর ৭, ২০২৬

না জ নী ন খ লি ল

  • এক মাঠ বৃষ্টির ভেতর
  • ২০২৬-১১-০৬ ১৫:৫৯:২৬

দীর্ঘশ্বাসের অবশেষটুকু রেখে , 
দূরদিগন্তে ছায়াটা মিলিয়ে যায় ;
কুয়াশার মতো অস্পস্ট ধারাজলের ভেতরে।

কী যে প্রখর ফুটেছে জারুল-সোনালু !
পাতাগুলো লাজনম্র আবছা হয়ে আছে।
তীব্র কৃষ্ণচূড়া ; আকাশের নীচে সামিয়ানা পেতে অপেক্ষায় আছে
যেনো এক্ষুণি শুরু হবে বর্ষামাঙ্গলিক মেঘমল্লারের তালে তালে,
নেচে যাবে একশ ময়ুর;
লাল মখমলে মেঘের অশ্রুগুলো
টুপটাপ মুক্তোর মতো ঝরে গেছে আজ সারাদিন।

ফিরে আসে বৃষ্টিদিন,কদমকেতকীর রাত ।

প্রবল উল্টেপাল্টে যায়,
খুলে যায় স্মৃতির সোনালীপাতাগুলো।
গভীর গোপন খামগুলো 
চন্দনসুগন্ধী কুঠরিতে অস্ফুটে কথা বলে ওঠে।

একটা যতিহীন সুদীর্ঘপথ হেঁটেছি কেবল ছায়ামগ্নতার ভেতরে ;
দরোজার বাইরে ছিল সুর্যশিখার পথ ;
স্বপ্নের ঘোরে কেউতো খুঁজে না রোদতপ্ত দিন !

আজ কি দুঃখদিন?
অঝোরধারা চিরে উড়ে গেল একটি শালিখ ;
জুড়িটা কোথায় গেল কোথাও পাইনি খুঁজে।
চিলেকোঠার পাশে জড়োসড় ভিজে কাক।

আজকে নাহয় এক মাঠ বৃষ্টির ভেতরেই ছড়িয়ে দিলাম   
রোজনামচার ছেঁড়াপাতাগুলো।


এ জাতীয় আরো খবর