জগত সংসারে যখন যেখানে যেভাবে থেকেছি---
অর্পিত দায়িত্বটুকু পালনে সচেষ্ট হয়েছি
আমার কাজ আমার তাই কারো সাথে তুলনা করিনি
যার কাজ সে-ই করবে জবাবাদিহি তবে কেন এত কলহ।
যতটুকু সম্ভব দাঁড়িয়েছি অসহায়ের পাশে
জানি না কারো কিঞ্চিৎ উপকারে আসতে পেরেছি কিনা।
তবে নির্দ্বিধায় বলতে পারি কারো অপকার করিনি,
সাহায্যপ্রার্থীকে জানামতে কখনো ফিরিয়ে দিইনি।
যতটুকু দিয়েছি তার থেকে ঢের পেয়েছি জীবনে,
কখনো নেই নেই করিনি
কারণ তিনি অনেক দিয়েছেন।
যা একজন পথশিশুর প্রাপ্তি থেকে অনেক অনেক বেশি,
সব থেকে বেশি পাওয়া জন্ম থেকে মা-বাবার সান্নিধ্য।
যার মা-বাবা আছে তার তো এ জগতে সবই আছে,
মৌলিক চাহিদা বলতে যা বোঝায় তার সবটুকু পেয়েছি।
মানুষ যেখানে রোদ বৃষ্টিতে গাছ তলায় থাকে
আমি সেখানে একচালার নিচে আছি খাচ্ছি-দাচ্ছি।
এককথায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব পেয়েছি,
খুব বেশি কোনো কিছুর চাহিদা ছিল না -- আজো নেই।
যে দেশের মানুষ পেট ভরে খেতে পায় না,
ওদেরই ঘাম ঝরা শ্রমে বাহুল্যতা বড়ো বেশি বেমানান।
তাই আমি আমার মতো থাকি থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি,
কে কী বলল তাতে কিছুই আসে যায় না আমার।