মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ডাচ নিষেধাজ্ঞার জেরে রামাল্লায় কূটনীতিকদের স্বীকৃতি বাতিল ইসরাইলের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৮ ১১:১২:২০
ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লায় কর্মরত নেদারল্যান্ডসের কূটনীতিকদের দেওয়া কূটনৈতিক স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানি, কেনাবেচা ও বাণিজ্যিক লেনদেনে নেদারল্যান্ডসের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর পাল্টা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানান, রামাল্লায় কর্মরত ডাচ কূটনীতিকদের ইসরাইলের দেওয়া কূটনৈতিক নথিপত্র সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে। সময়সীমা শেষ হলে ইসরাইলের দেওয়া তাদের কূটনৈতিক সুবিধা ও দায়মুক্তি আর কার্যকর থাকবে না।
নেদারল্যান্ডস ২২ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের আমদানি, কেনাবেচা ও এ-সংক্রান্ত বাণিজ্যিক মধ্যস্থতা নিষিদ্ধ করেছে। বাণিজ্যিক চালানের পাশাপাশি ভ্রমণকারীদের ব্যক্তিগত মালপত্রের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য। নেদারল্যান্ডসের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসরাইলের সীমানার ভেতরের পণ্য এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নেদারল্যান্ডস চাইলে ফিলিস্তিনিদের সঙ্গে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কাজ ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূখণ্ড থেকে পরিচালনা করতে পারে। গত মাসেও ইসরাইল গাজা নিয়ে একটি সমন্বয়কেন্দ্র থেকে ডাচ কর্মকর্তাদের সরিয়ে দিয়েছিল।
ডাচ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইসরাইল থেকে নেদারল্যান্ডসে যাওয়া যাত্রীদের মালপত্রে নিষিদ্ধ পণ্য রয়েছে কি না, তা আমস্টারডামের শিফল বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে বলে ডাচ ও ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অধিকৃত এলাকায় ইসরাইলি বসতিগুলো অবৈধ বলে বিবেচিত হয়। বসতি থেকে পণ্য আমদানির ওপর নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক কয়েকটি অনুরূপ পদক্ষেপের ধারাবাহিকতায় এসেছে।
পশ্চিম তীরে পূর্ব জেরুজালেম বাদে প্রায় পাঁচ লাখ ইসরাইলি বসতিস্থাপনকারী এবং প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। বসতি সম্প্রসারণ ও এসব এলাকার মর্যাদা নিয়ে ইসরাইল ও বিভিন্ন পশ্চিমা দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক মতপার্থক্য আরও বেড়েছে।

ইসরাইল, নেদারল্যান্ডস, পশ্চিম তীর


এ জাতীয় আরো খবর