তোমার জন্য
চোখের জলে একদিন
একটা সরোবর এঁকে রেখে এসেছিলাম।
তুমি হয়তো ভেবেছিলে !!
ও শুধু কুমিরের চোখের জল,
তাই তার চারপাশে
ফুটিফাটা মাটির মতো
একটা দীর্ঘ অনাবৃষ্টি রেখে গেলে।
আমি হেঁটে গেলাম !!
শুকনো ঋতুর ভিতর দিয়ে,
পায়ের নীচে ধুলো,
চোখের ভিতর মরীচিকা,
আর বুকের গোপন কোণে
একফোঁটা জল বাঁচিয়ে।
বছর কেটে গেল !!
হঠাৎ একদিন ফিরে তাকিয়ে দেখি !!
সরোবরটা এখনও টলমল করে!
কী আশ্চর্য!
কে এতদিন আমার চোখের জলকে
ঝিনুক শরীরে আগলে রাখল?
কে তার গভীরে,
আমার হারিয়ে যাওয়া বিন্দুগুলোকে
মুক্তো করে রাখল?
তুমি তো বলেছিলে !!
বৃষ্টি আসবে না।
তবু সরোবরের জলে
আজও তোমার আকাশের ছায়া।
তাই মাঝে মাঝে ভাবি !
আমি চলে যাওয়ার পরে
তোমার বুকের ভিতরেও কি
কোনও এক অচেনা মেঘ
নিঃশব্দে জন্মেছিল?
কোনও গভীর রাতে
আমার নাম না নিয়েই
কি নেমেছিল বৃষ্টি?
আর সেই বৃষ্টির জলেই কি
আজও টিকে আছে
আমার রেখে যাওয়া সরোবর?
নাকি ! কিছু ভালোবাসা
চলে যাওয়ার পরেই
তার আসল বর্ষাকাল খুঁজে পায়।