যে যার মত ফিরে গেল ঘরে
বুনো বাতাসের বিকেল গন্ধ নিয়ে
সান্ধ্য অভিমানের মত , একা পরে রই
ঘরহীন ঘরের হাতছানি তবু রাতের আকাশে-
আকাশময় নিঃশব্দ নিঃসঙ্গতা আঁকে।
আমার কোন তাড়া নেই বসত নেই
ডেকে নেবার,
দিনভর আজন্ম নিঃসঙ্গতার মত দিন শেষে ফিরে যাওয়ার মত ঘর নেই আমার,
স্বজন আপন ঘেরা পরিসরের অপেক্ষায় থাকা অনিমেষ অশ্রুকণা নেই।
কার কাছে খুঁজে নেব আষাঢ় আল্পনা আঁকা ভেজা মাটির মত সোঁদা গন্ধের ধুলোকণা।
জন্মের দায় বুকে নেব কোন মানবের
জন্মদাতার নতজানু পুরষ্কারের রাজমুকুট পড়াব
এমন যোগ্য কে আছে বলো?
তেমন কোন ঘর নেই আমার
নবাগত সন্তানের সুবাসিত আতুড় আঁকড়ে রাখতে পারিনা,
কোন দেবালয়ে জন্ম যন্ত্রণার নিশ্বাস রেখে যেতে পারি,
কে ডেকে নেবে কাছে রুক্ষ মাটিতে দিনভর হেঁটে দুপায়ের ক্ষত
পোড়াই যদি,
প্রিয় নাম ধরে ডাকবে বল কে
কে আছে ঘরময় ঘরের চিহ্ন হয়ে
সাঁঝবাতির নিকুন্জ ছায়ায় আসন পেতে রবে,
এমন কেউ নেই আমার
মাঠের শালিক শূণ্য ডালের চড়ুই- তাদেরও তো আছে লোকালয় -
একাকী বসত আমার,কোন ঘর নেই