সময় উদাসীন...
তবুও, বাতাসে পুরনো গানের সুর...
প্রেমের নিভৃত শিল্পে পাখিদের ঠোঁটে ধানরঙ রোদ...
শরীরে পিঁপড়ের দূত ঘোরে শীত ঋতু জুড়ে...
ইঙ্গিতে বাঁকা চোখ মুহূর্ত আঁকে...
নির্জনতা ছুঁয়ে এক নিজস্ব সোহাগী দৃষ্টি !
ভাঙাচোরা দোরগোড়ায় আছড়ে পড়ে সন্ন্যাসী আদর...
চোখের পাতায় তখন কলেজ স্ট্রীটের মোড়...
তারাভরা আকাশ... খোলা কলম - সাদাপাতা !
মুহূর্তে মানবিক বেশভূষা ছেড়ে তাকে রূপান্তরিত হয়ে যেতে দেখি !
অপলক সত্যি চোখে ধরি... এরকম সত্যি পৃথিবীতে বুঝি নেই !
আধো ঘুমন্ত নিদ্রায় সপ্তর্ষির দরজায় মধ্য জীবন !
চৈতন্যঘুম জড়িয়ে কুমারী চাঁদের হাট !
একি শুধু অপেক্ষার অপচয়... !
ঠিক তখন-ই ,নীল সমুদ্রে আছড়ে পড়ে মধুর উত্তাপ !
আঁচলে ঢেউয়ের হাসিমুখ ... ভিজে চুলে আশকারা সোহাগ দেখায়...
ঠোঁটে ক্ষীণ হাতছানি... সৃষ্টির খেলায় হেলানো সন্ধ্যেবেলায়,
বলে "পারলে আমায় রাখো পায়ে স্পর্শ সুখ বন্যতায় "....
এভাবে মুহূর্তের আড়ালে ...
কবিতার জন্ম হয় !
মাদক ছলচ্ছল ধ্বনি...
চোখের পাতায় চুঁইয়ে পড়ে খোলা প্রান্তর ... সঙ্গোপনে ঝড় ওঠে...
ব্যতিক্রমী আরণ্যক মাদকতা আসক্ত...
কবিতা উপচে ওঠে বুকে, চাঁদের গল্প আকাশ জুড়ে জোছনা ছড়ায়...
আর... আমি... !
অনুভূতির লুকোচুরি ফেলে সূর্যে ডুবে ইচ্ছে মতো পুড়ি...