চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে সালেহ সুলতান নিঝুম নামে এক ব্যবসায়ীর প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৪০ ভরি গলিত স্বর্ণ ছিনতাই এর অভিযোগে দায়েরকৃত মামলায় এক পুলিশ কনষ্টেবল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার(১২ সেপ্টেম্বর) রাতে মামলা হবার পর রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তার দু’জনের মধ্যে মোহাম্মদ আলী (৪৪) নামে ্একজনের নিকট থেকে প্রায় ২০ ভরি ৭ আনা ওজনের ৩ টুকরো গলিত স্বর্ন উদ্ধার হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ কনষ্টেবল জাকির হোসেনকে প্রথমে ক্লোজ ও পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সুত্র জানা গেছে, জেলা শহরের চরজোতপ্রতাপ এলাকার সুলতান আহমেদের ছেলে নিঝুম ৪০ ভরি স্বর্ন বিক্রির জন্য কিনে বাড়িতে রেখে গত ৭ আগষ্ট ভারতে যান। ভারত যাবার আগে তিনি নিজ বোনজামাই মোহাম্মদ আলীকে নিজ ব্যবসার দায়িত্ব দেন। ৮ আগষ্ট তিনি মোহাম্মদ আলীকে ফোন করে বাড়িতে রাখা স্বর্ণ তাঁর স্ত্রীর নিকট ্েযথকে নিয়ে তাঁর (নিঝুমের) চাচা সদর উপজেলার কালিনগর গ্রামের নজরুল ইসলামের নিকট পৌঁছে দিতে বলেন। কিন্তু মোহাম্মদ আলী স্বর্ণ সড়কের উপর নজরুলকে বুঝিয়ে দেয়ার পরপরই কনষ্টেবল জাকির সহ আরও দুজনের সহায়তায় কয়েক মিনিটের মধ্যে আবারও নজরুলের নিকট থেকে জোর করে নানারকম ভয় দেখিয়ে কেড়ে নেয়। এ অবস্থায় নিঝুম ৯ আগষ্ট ভারত থেকে ফিরে এসে ঘটনার সত্যতা খুঁজে পান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় এজাহারনামীয় ৩ জন সহ চারজনের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারদের রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।