কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ পিয়াস নামের এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নিতে গেলে স্বজনদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বসুরহাট বিদ্যুৎ সরবরাহ অফিসের সামনে এ ঘটনা ঘটে।আটক মো. পিয়াস (৩৫) চর হাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে এলাকার চিহ্নিত মাদককারবারি পিয়াস ও রাজু নামে দু'যুবকের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে। এ সময় রাজু পালিয়ে গেলেও পিয়াসকে আটক করে এলাকার লোকজন।
পরে স্থানীয় রহমতের দোকানে পিয়াসের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত এলাকাবাসী। এ সময় পিয়াসকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের নাম বের করার চেষ্টা করে এলাকার লোকজন।
এদিকে পিয়াসকে আটকের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে অতর্কিতে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান পিয়াসকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করলে পুরো এলাকার মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া সহজ হবে।এ সিন্ডিকেটের রাঘববোয়াল ডিলারদের নামও জনসম্মুখে প্রকাশ হবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে তাদের হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় ইতোপূর্বের একটি মামলা রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া রাজুর বিরুদ্ধে একই থানায় ৫টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন,এ ঘটনায় ওই রাতে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পিয়াসকে সোমবার (৭ সেপ্টেম্বর)নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।