জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,
গ্রামীণ ক্রীড়াঙ্গনে নারী জাগরণ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। উপজেলার ঐতিহাবাহী কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় রংপুর জেলা প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় দিনাজপুর জেলা প্রমিলা ফুটবল দল।
আজ বিকেলে হাজারো ফুটবলপ্রেমী নারী-পুরুষের টানটান উত্তেজনায় পুরো মাঠ যেন উৎসবের নগরীতে পরিণত হয়। নির্ধারিত সময়ের খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের চমৎকার ড্রিবলিং, দূরদর্শী পাসিং ও আক্রমণাত্মক পারফরম্যান্স দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোলমুখ খুলতে পারেনি, ফলে খেলাটি ০-০ সমতায় শেষ হয়। পরবর্তীতে পেনাল্টি শুটআউটে (টাইব্রেকারে) রংপুরকে হারিয়ে বিজয়ের হাসিমুখ নিয়ে মাঠ ছাড়ে দিনাজপুর দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। নারী ফুটবলের এই অভূতপূর্ব অগ্রগতি আমাদের জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন আশা জাগায়। জলঢাকার মতো এলাকায় এমন ইতিবাচক উদ্যোগ বারবার হওয়া প্রয়োজন।"
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল আলম। তিনি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রমিলা খেলোয়ারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী দিনাজপুর ও বিজিত রংপুর দলের অধিনায়কের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দিয়ে তিনি টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয় সুশীল সমাজ ও আয়োজক কমিটি যৌথভাবে জলঢাকায় যুবসমাজকে খেলাধুলামুখী রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন।