নারী ফুটবলে মুখরিত জলঢাকা: রংপুরকে হারিয়ে টাইব্রেকারে দিনাজপুর চ্যাম্পিয়ন

  • জামিয়ার রহমান,
  • ২০২৬-০৯-০৪ ০৯:৪২:৪৯
image

জলঢাকা (নীলফামারী) ​ প্রতিনিধি,
গ্রামীণ ক্রীড়াঙ্গনে নারী জাগরণ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। উপজেলার ঐতিহাবাহী কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় রংপুর জেলা প্রমিলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় দিনাজপুর জেলা প্রমিলা ফুটবল দল।
​আজ বিকেলে হাজারো ফুটবলপ্রেমী নারী-পুরুষের টানটান উত্তেজনায় পুরো মাঠ যেন উৎসবের নগরীতে পরিণত হয়। নির্ধারিত সময়ের খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের চমৎকার ড্রিবলিং, দূরদর্শী পাসিং ও আক্রমণাত্মক পারফরম্যান্স দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। তবে রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোলমুখ খুলতে পারেনি, ফলে খেলাটি ০-০ সমতায় শেষ হয়। পরবর্তীতে পেনাল্টি শুটআউটে (টাইব্রেকারে) রংপুরকে হারিয়ে বিজয়ের হাসিমুখ নিয়ে মাঠ ছাড়ে দিনাজপুর দল।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। নারী ফুটবলের এই অভূতপূর্ব অগ্রগতি আমাদের জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন আশা জাগায়। জলঢাকার মতো এলাকায় এমন ইতিবাচক উদ্যোগ বারবার হওয়া প্রয়োজন।"
​টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল আলম। তিনি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রমিলা খেলোয়ারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজের সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী দিনাজপুর ও বিজিত রংপুর দলের অধিনায়কের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দিয়ে তিনি টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করেন। স্থানীয় সুশীল সমাজ ও আয়োজক কমিটি যৌথভাবে জলঢাকায় যুবসমাজকে খেলাধুলামুখী রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস দেন।