বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

জা হা না রা বু লা

  • আশিতেও প্রেম
  • ২০২৬-০৯-০২ ০৯:৫৭:১৯

যখন ভরা যৌবন, তখন প্রেম-প্রত্যাখ্যাত নারী।
এখন যুবক এসে কড়া নাড়ে আশির কোঠায়—
ভালোবাসবে বলে এই আমাকেই! 

হে যুবক,
কী চাও আমার কাছে তুমি?
যদি চাও শরীর আমার, অস্টিওপোরোসিস পাবে,
পাবে ঘনঘন ভার্টিগো অ্যাটাক।
অসুখ-বিসুখ ছাড়া আর কিছু নেই যে আমার!
বরং তুমিই তখন হবে ভর দেওয়া হাতের লাঠি। 

যদি হৃদয় চাও,
সেখানেও দুরুদুরু ভীরুতা তো নেই আর প্রেমের;
আছে কুঞ্চিত ঝিল্লিতে ঢাকা হৃদপিন্ড আমার।
কখনো ড্রপবিট হয়—
সেই ফাঁকে পারো যদি সেখানে প্রবেশ করে ফেলো। 

তোমাকে কী দেব আপ্যায়নে এই কম্পিত হাতে?
উনুনে তুলতে পারি না ভাতের হাঁড়ি-তরিতরকারি,
এমনকি চায়ের পাতিল। 

তবুও এসো,
জড়িয়ে ধরো তোমার বুকে—
ভালোবাসা বিরল প্রাপ্তি যে এই আশিতে। 

আমি নয় না-ই পারি যত্ন নিতে, তুমি করে যেও।
একেও প্রেম যদি মনে করো, কোরো
আমায় যা দেবে-টেবে তুমিই দিও- খাদ্য আর সেবা।
কী-ই বা আমি দেব, কী আছে আমার? 

শর্ত ভালো লাগে যদি, আমারই তো ভালো
এই একা-বোকা জীবনটাককে- 
সামলে নিও।


এ জাতীয় আরো খবর