সোমবার, আগস্ট ৩১, ২০২৬

বিশ্বমানের সংবাদ সংস্থা হবে বাসস,দায়িত্ব নিয়ে কাদের গনি চৌধুরীর অঙ্গীকার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-৩০ ২৩:৪৯:৩৭
ছবি: সংগৃহীত।

সত্যনিষ্ঠ সাংবাদিকতা, নিরপেক্ষতা ও পেশাগত উৎকর্ষকে ভিত্তি করে বাংলাদেশ সংবাদ সংস্থাকে বিশ্বমানের সংবাদ প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দুপুরে বাসস কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় জানান।
কর্মীদের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, বাসসে দক্ষ ও মেধাবী জনবল রয়েছে। সততা, সত্যনিষ্ঠা ও পেশাদারিত্বকে কাজের ভিত্তি করতে পারলে প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে। বাসসকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকতার মূল দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতার কেন্দ্রবিন্দু হচ্ছে সত্য। যা সত্য, তা সত্য হিসেবেই তুলে ধরতে হবে। রাষ্ট্র ও দেশের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বাসস পরিবারের সবাইকে কাজ করতে হবে।

ক্ষমতার নয়,সহকর্মিতার পরিবেশ চান নতুন প্রধান সম্পাদক
কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, তাঁকে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান সম্পাদক হিসেবে দূরের কেউ মনে না করে সহকর্মী হিসেবে দেখতে হবে। মাঠপর্যায়ের সংবাদকর্মী হিসেবে তিনি অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান।
প্রতিষ্ঠানে ব্যক্তিপূজা কিংবা ক্ষমতার প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, নানা রঙের ফুল একত্র হয়ে যেমন সুন্দর মালা তৈরি করে, তেমনি সবাইকে সঙ্গে নিয়ে একটি পেশাদার ও প্রাণবন্ত বাসস পরিবার গড়ে তুলতে হবে।

পুরোনো মর্যাদা ফিরিয়ে আনার আহ্বান
অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, একসময় বাসস ছিল অত্যন্ত প্রাণবন্ত ও প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান ও বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার এবং মানসম্পন্ন প্রতিবেদন নিয়মিতভাবে এখান থেকে প্রকাশিত হতো। জাতীয় সংবাদপত্রগুলোও সেসব প্রতিবেদন গুরুত্বের সঙ্গে প্রকাশ করত।
বাসসের সেই ঐতিহ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অভিজ্ঞ সাংবাদিক নেতা ও দক্ষ সংগঠককে প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বে পাওয়া বাসসের জন্য বড় সুযোগ। সাংবাদিকতাই সবার মূল পরিচয়-এই চেতনাকে সামনে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রোববার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন কাদের গনি চৌধুরী।
দুপুর ১২টার দিকে বাসস কার্যালয়ে পৌঁছালে সাংবাদিক,কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাসস কর্মচারী ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বাসস ইউনিট এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও তাঁকে অভিনন্দন জানান।
বাসসের নগর সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বাসস ইউনিট প্রধান ও যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং উপ-ইউনিট প্রধান জিএম রাজিব হোসেন।
অনুষ্ঠানে বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ, মোহাম্মদ রহিম উদ্দিন, মো. আব্দুল বাতেন মাতুব্বর, হারুন আল নাসিফ, আয়েশা পারভীন (জুনান নাশিত), প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, নগর সম্পাদক (ইংরেজি) মো. মোর্শেদুর রহমান, বাসস কর্মচারী ইউনিয়নের সভাপতি কামারুল হকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাসস,কাদের গনি,সাংবাদিকতা

 


এ জাতীয় আরো খবর