রবিবার, আগস্ট ৩০, ২০২৬

হ্যারাল্ডের বিদায়ে নরওয়ের নতুন অধ্যায়,সিংহাসনে অষ্টম হাকন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-২৯ ২৩:৫১:০৬
ফাইল ছবি

৩৫ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে নরওয়ের সিংহাসনে বসেছেন প্রয়াত রাজা পঞ্চম হ্যারাল্ডের ছেলে অষ্টম হাকন। দীর্ঘদিনের ঐক্যের প্রতীক হ্যারাল্ডের মৃত্যুর পর শনিবার থেকে নতুন রাজার নেতৃত্বে দেশটি রাজতন্ত্রের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
৮৯ বছর বয়সে শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে মারা যান পঞ্চম হ্যারাল্ড। তাঁর মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাজা হ্যারাল্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী অসলোতে রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। তাঁরা রাজপ্রাসাদের সামনে ফুল, কার্ড ও জাতীয় পতাকা রেখে প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানান। ভারী বৃষ্টির মধ্যেও সন্ধ্যা পর্যন্ত মানুষের উপস্থিতি অব্যাহত ছিল।

নতুন রাজার দায়িত্ব গ্রহণ
৫৩ বছর বয়সী অষ্টম হাকন এমন এক রাজতন্ত্রের দায়িত্ব নিলেন, যা সাধারণ জীবনযাপন, আধুনিক মানসিকতা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য দীর্ঘদিন ধরে প্রশংসিত। তবে সাম্প্রতিক সময়ে রাজপরিবারকে ঘিরে কয়েকটি বিতর্ক ও কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠানটি কিছুটা চাপে রয়েছে।
নতুন রাজার সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, একটি যুগের সমাপ্তি ঘটেছে এবং নতুন একটি যুগ শুরু হয়েছে। তিনি হ্যারাল্ডের জনগণের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং দেশের মানুষের ওপর তাঁর অটুট আস্থার কথা স্মরণ করেন।
শুক্রবার সন্ধ্যায় অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রাজা হ্যারাল্ডের মরদেহের কফিন রাজপ্রাসাদে নেওয়া হয়। এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে হাকন তাঁর ২২ বছর বয়সী মেয়ে ইনগ্রিড আলেক্সান্দ্রাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে যান। ইনগ্রিড এখন নতুন রাজপরিবারের উত্তরাধিকারী হিসেবে ক্রাউন প্রিন্সেসের মর্যাদা পেয়েছেন। রাজপ্রাসাদে গিয়ে হাকন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর বাবার মৃত্যুর খবর জানান।
এক বিবৃতিতে কঠিন সময়ে রাজপরিবারের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশের জন্য সরকার এবং নরওয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নতুন রাজা।

মঙ্গলবার শপথ নেবেন হাকন
নরওয়ের সংসদ জানিয়েছে, নতুন রাজা মঙ্গলবার সংসদের প্রধান কক্ষে আনুগত্যের শপথ নেবেন।
হ্যারাল্ডের শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় শোক পালন করা হবে। তবে শেষকৃত্যের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।
হাকনের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হওয়ার সম্ভাবনা নেই। ১৯০৮ সালে নরওয়েতে এই প্রথা বিলুপ্ত করা হয়। তবে পূর্বসূরিদের মতো তিনিও ট্রনহেইম ক্যাথেড্রালে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর রাজত্বের আনুষ্ঠানিক আশীর্বাদ নিতে পারেন। ১৮১৪ থেকে ১৯০৬ সাল পর্যন্ত এই ক্যাথেড্রালেই নরওয়ের রাজাদের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল।

জনগণের কাছে ছিলেন ঐক্যের প্রতীক
ইউরোপের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিত পঞ্চম হ্যারাল্ড ১৭ আগস্ট থেকে অসলোতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রক্তের লোহিত কণিকা অস্বাভাবিক দ্রুত ধ্বংস হওয়ার কারণে সৃষ্ট হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত ছিলেন তিনি।
১৯৯১ সালে সিংহাসনে বসা হ্যারাল্ডকে তাঁর সময়ের উপযোগী এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা একজন রাজা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী স্টোর।
তাঁর রাজত্বকালে নরওয়েতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এসেছে। কয়েক দশকের এই পরিবর্তনের সময়ে দেশটি আরও সমৃদ্ধ হয়েছে, জনসংখ্যা বেড়েছে এবং সমাজে বৈচিত্র্যও বৃদ্ধি পেয়েছে।
অসলো রাজপ্রাসাদের সামনে শ্রদ্ধা জানাতে আসা মানুষের অনেকেই প্রয়াত রাজাকে পরিবারের একজন সদস্যের মতো মনে করতেন। ৪৯ বছর বয়সী লাইন স্টুসল্যান্ড ফুলের তোড়া রেখে বলেন, হ্যারাল্ড ছিলেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ—একজন ঐক্যবদ্ধকারী রাজা এবং জনগণের রাজা। তাঁর ভাষায়, তিনি যেন পুরো জাতির দাদার মতো ছিলেন।
উদারতা, সহনশীলতা এবং নরওয়ের জনগণকে একসূত্রে রাখার প্রতীক হিসেবেই দীর্ঘদিন ধরে পঞ্চম হ্যারাল্ডকে দেখেছে দেশটির মানুষ।

নরওয়ে,রাজা হাকন,হ্যারাল্ড


এ জাতীয় আরো খবর