রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বাড়ির তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (জুয়েল), ৬৫, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, ৫০, মেয়ে প্রার্থী চক্রবর্তী, ২৫ এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী, ১২।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুল থেকে অবসর নেওয়ার পর সমবায় মার্কেটে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা দিতেন। গত বৃহস্পতিবার থেকে পরিবারের কাউকে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। বাড়িটিও বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতরে কোনো আলো বা সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে শনিবার রাতে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে চারজনের মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। দুর্বৃত্তরা হত্যার পর বাইরে থেকে বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও শিক্ষাঙ্গনের মানুষের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
ঘটনাস্থলে রংপুর কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির অপরাধ তদন্তকারী দল আলামত সংগ্রহ করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো অপরাধের জেরে এ ঘটনা ঘটেছে-তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যের রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
রংপুর, চার মরদেহ, তদন্ত