শনিবার, আগস্ট ১৫, ২০২৬

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৬-০৮-১৪ ০৯:০৮:৫৮

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার, ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার ১৪ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন শনিবার থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়ালের ১২ তারিখ বুধবার হওয়ায় সেদিনই সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে। ফলে সরকারি চাকরিজীবীরা পরদিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয় ছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য সভায় উপস্থাপন করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসের ১২ তারিখে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।

রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, চাঁদ


এ জাতীয় আরো খবর