চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে জাল মুদ্রা তৈরীর কারখানার সন্ধান মিলেছে। ওই কারখানা থেকে জব্দ হয়েছে ৪৩ লক্ষ ৪৫ হাজার ৬০০ জাল ভারতীয় রুপি এবং জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানে ঘটনাস্থল থেকে প্রেপ্তার হয়েছেন দুজন। গ্রেপ্তাররা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়াের্ডর মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)। তবে অভিযানকালে জাল মুদ্রাা তৈরীর ওই চক্রের মূলহোতা খান সাহেব (৪০) নামে এক ব্যাক্তি পালিয়ে যান।
র্যাব জানায়, শনিবার (৮ আগষ্ট) রাত ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে বালুবাগান মহল্লার একটি তিনতলা ফ্লাটবাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাব। অভিযানে ওই ভাড়া করা বাড়ি থেকে জব্দ হয় তেতাল্লিশ লক্ষ পয়তাল্লিশ হাজার ছয়শত ভারতীয় জাল রুপী ও জাল বিদেশী মুদ্রা তৈরীর বিভিন্ন সরঞ্জাম। এ সময় হাতেনাতে আটক হয় ওই দুজন।
রবিবার (৯ আগষ্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।
ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।