ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন শিরোমণি ও পার্শ্ববর্তী এলাকার তিন ব্যক্তির কাছ থেকে জমি কেনাবেচার কথা বলে ২৫ লাখ টাকা নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে সাবেক ইউপি মেম্বার মোঃ মনজুরুল ইসলাম (হুমায়ুন মেম্বার)-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে খুলনা জজকোর্টের আইনজীবী মোঃ আশফাক আহমেদ পারভেজ এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশ সূত্রে জানা যায়, আটরা শিল্প এলাকার মৃত মুন্সী আবুল হোসেনের ছেলে হুমায়ুন মেম্বার জমি দেওয়ার কথা বলে শিরোমণির শেখ জাহিদ হোসেনের কাছ থেকে ১০ লাখ, যোগীপোল এলাকার এস, এম মনজুর এলাহী মুরাদের কাছ থেকে ১০ লাখ এবং শিরোমণি মধ্যপাড়া মিনা সেলিমের কাছ থেকে ৫ লাখ টাকা নগদ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে জমি দিতে ব্যর্থ হয়ে পাওনা মেটাতে তিনি ট্রাস্ট ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের নিজ নামীয় চেক প্রদান করেন। তবে গত ২২ জুলাই ২০২৬ তারিখে জনতা ব্যাংক পিএলসি-র বিসিক শিল্প নগরী শাখা থেকে 'অপর্যাপ্ত তহবিল'এর কারণে সবকটি চেকই ডিজঅনার হয়। টাকা ফেরত না পেয়ে বাধ্য হয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সমুদয় পাওনা পরিশোধ না করলে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।