মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

সিঙ্গাপুর যাচ্ছেন শামা ওবায়েদ,গুরুত্ব পাবে বাণিজ্য-বিনিয়োগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৮-০৯ ১১:৪৯:৩৭
ফাইল ছবি

চার দিনের সফরে আজ রোববার (৯ আগস্ট) সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর সিঙ্গাপুরে এটিই নতুন সরকারের প্রথম উচ্চপর্যায়ের সফর। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বন্দর, লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরের কর্মসূচিতে সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শনও রয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে বন্দর পরিচালনা, পণ্য পরিবহন ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টিও এবারের সফরে বিশেষ গুরুত্ব পেতে পারে। এর আগে মার্চে বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করেছিল সিঙ্গাপুর। ফলে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
এদিকে সিঙ্গাপুরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর বিষয়টিও সফরে গুরুত্ব পাচ্ছে। দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করেন। তাঁদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি দিতে সফর উপলক্ষে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের।
সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের মেয়াদে বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতা ও বাস্তবভিত্তিক অংশীদারত্বের নতুন পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে শামা ওবায়েদের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিঙ্গাপুর, বাণিজ্য, বিনিয়োগ


এ জাতীয় আরো খবর