বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

গোলাম কবির

  • অভিশপ্ত এশহরের শিলালিপি
  • ২০২৬-০৮-০৫ ২৩:৪২:৪৮

অভিশপ্ত এশহর জুড়ে গাঢ় বিষণ্ণতার 
 নীল পতাকা পতপত করে উড়ছে,  
 রাজপথে যত্রতত্র পড়ে আছে শান্তির হলুদ বমি 
 এবং মাঝেমধ্যে কোথা হতে উড়ে আসছে 
 হেমন্তের ঝরে যাওয়া হলুদ পাতারা বাতাসের 
 তীব্র বেগকে উপেক্ষা করে অথচ এখন বসন্ত
 কিন্তু শহরের কোথাও কোনো ফুল ফোটেনি! 

 এখন শহরটাকে দেখে যে কেউ এক লহমায় 
 বাস অযোগ্য পরিত্যক্ত ভূতুড়ে শহর
  বলতে দ্বিধা বোধ করবে না! 

 এখানকার অসহায় মানুষেরা সব যেনো  
 চিরকালের জন্য ঘুমিয়ে গেছে! 
 এরা সবাই অহেতুক হত্যা, ধর্ষণ, রাহাজানি 
 এবং লোভ, হিংসা ও ঈর্ষার আগুনে পুড়ে 
 সব ঝলসে গেছে মাটির নিচে তলিয়ে যাওয়া
 কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসস্তুপের 
 মানুষের হাড়গোড়ের মতো এবং বাড়িগুলো
 সব একসময়ের ভীষণ ব্যস্ত পানাম নগরীর 
 মতো পড়ে আছে জনশূন্য, 
 যেনো সব ভূতুড়ে বাড়ি ! 

 এরকম বিষন্নতার দীর্ঘশ্বাসে ভরা শহরের  
 বুকের ওপর বয়ে চলা সরু নদীটায়ও 
 এখন আর কোনো জল নেই, 
 এটা এখন যেনো কোনো নারীর 
 মাথার চুলের সিঁথির মতো হয়ে গেছে!


এ জাতীয় আরো খবর