বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে, ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০৫ ২৩:০৩:৫৪
ছবি: সংগৃহীত।

জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে রাজনৈতিক বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও এর অন্তর্নিহিত চেতনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, গণঅভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য অর্জনে সাংবিধানিক সংশোধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার অপরিহার্য।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক মতপার্থক্য ভুলে প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে ঐকমত্যে পৌঁছানো। একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক শক্তির অর্জন হিসেবে না দেখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ, গুম, হত্যা, নির্যাতন এবং জনগণের সম্মিলিত সংগ্রামের ফল। তাই এই অর্জনের উত্তরাধিকার নিয়ে বিভাজন সৃষ্টি করা অনুচিত।
তিনি বলেন, ‘জুলাই কার-এই প্রশ্নে বিভক্ত হলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না।’ বরং গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্য অটুট রাখা জরুরি।
মন্ত্রী আরও বলেন, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে এমন সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা হবে, যা ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ রুদ্ধ করবে।
গুমের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলও বিচারের মুখোমুখি হতে পারে। তবে কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি নির্বাহী বিভাগের নয়; এটি বিচার বিভাগের এখতিয়ার হওয়া উচিত।
বক্তব্যের শেষদিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে এর আদর্শ বাস্তবায়নে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জুলাই সনদ, জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার


এ জাতীয় আরো খবর