বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-০৫ ২২:৫৫:৪০
ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাজনৈতিক সংগঠন 'নতুন ধারা বাংলাদেশ'-এর চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য চার আসামি হলেন-সংগঠনের ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।
মামলার নথি অনুযায়ী, মঙ্গলবার বাবুল সরদার নামে এক ব্যক্তি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এতে মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ছয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা ছাড়াও দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আসামিরা সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান ও মিছিল করেন। এ সময় বাদী বাবুল সরদার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন প্রতিবাদ জানালে তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়।
এ ঘটনায় আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নতুন ধারা বাংলাদেশ, সন্ত্রাসবিরোধী মামলা, আদালত


এ জাতীয় আরো খবর