বুধবার, আগস্ট ৫, ২০২৬

সংলাপে আগ্রহী কারাবন্দি মাদুরো,ভেনেজুয়েলায় রাজনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৮-০৪ ০৯:২৯:০২
ফাইল ছবি

কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রতি ইতিবাচক অবস্থান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিরোধী নেতাদের আসন্ন বৈঠকের আগে দেওয়া এই বার্তাকে দেশটির চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষমতাচ্যুত এই বামপন্থী নেতা তার টেলিগ্রাম বার্তায় বলেছেন, শান্তি, সহাবস্থান এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে পারে—এমন যেকোনো সংলাপকে তিনি স্বাগত জানান। তার মতে, জাতীয় পুনর্গঠনের ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, মতের বৈচিত্র্যের স্বীকৃতি এবং সবার অংশগ্রহণ।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে তারা মাদক ও অবৈধ অস্ত্র পাচারের অভিযোগে বিচারাধীন রয়েছেন। তবে উভয়েই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
কারাগার থেকে কীভাবে বার্তাটি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না মিললেও জানা গেছে, তিনি নিয়মিত আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন। পরে তার ছেলে ও আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একই বার্তা পুনরায় প্রকাশ করেন।
মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্র ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তী নেতৃত্বের স্বীকৃতি দেয়। বর্তমানে তার নেতৃত্বাধীন প্রশাসনের ওপর রাজনৈতিক সংস্কার, ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা এবং বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরির বিষয়ে ওয়াশিংটনের চাপ রয়েছে।
এদিকে সরকার ও বিরোধী পক্ষ ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহে রাজধানী কারাকাসে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা শুরু হবে। সরকারের প্রধান আলোচক ও জাতীয় পরিষদের প্রধান হোর্হে রড্রিগেজ জানান, বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরার সঙ্গে আলোচনা করে বৈঠকের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
তবে বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো এই সংলাপে অংশ নিচ্ছেন না। যদিও তিনি জানিয়েছেন, আলোচনার পথে তিনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
বিশ্বের অন্যতম বৃহৎ তেলসমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ভেনেজুয়েলার পরিস্থিতি সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর আরও জটিল হয়ে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, ওই দুর্যোগে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
সরকার জানিয়েছে, আসন্ন আলোচনায় ভূমিকম্প-পরবর্তী পুনর্বাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

ভেনেজুয়েলা, নিকোলাস মাদুরো, রাজনৈতিক সংলাপ


এ জাতীয় আরো খবর