তোমার দিকে তাকালেই দেখি প্রিয় বাংলাদেশ
তার চোখের পাতায় নামে ভোরের আকাশ,
ভ্রুতে আঁকা শহিদ মিনারের দৃঢ়তা।
এই দেশের মাটি,আকাশ, ঝরনায় মিশে আছো তুমি
কখনো কুয়াশাভেজা মাঠ,
কখনো সবুজ ধানের খেতে বাতাসের হিল্লোল
কখনো রক্তের মতো লাল সূর্যটা বুকের ভেতর দীপ্যমান।
মাঝে মাঝে তুমি আমার কবিতা হও
অক্ষরের ফাঁকে ফাঁকে পতাকার হাওয়া,
ছন্দে ছন্দে বয়ে যায় ইতিহাস।
আবার কখনো স্রোতবহা নদী,
ভাঙন নিয়ে এসেও জন্ম দেয় নতুন তীর।
তুমি নারী, তুমি দেশ
তাই তোমাকে ভালোবাসা শুধু প্রেম নয়,
এ এক আজীবন দায়,
একজন কবির নিশ্বাসে বিশ্বাসে উচ্চারিত শাশ্বত প্রিয় বাংলাদেশ।