মানুষ এখন হিসেবে বড্ড পাকা ,
সবকিছু মাপে স্বার্থের কাঁটা ধরে ৷
সম্পর্করা রক্তাল্পতা দোষে
দুর্বল হয়ে পৃথিবীতে একা ঘোরে ।
তুমি আমি সব হিসেব নিয়েছি বুঝে
সন্তান যেন থাকে ঠিক দুধে ভাতে ।
বাকি যতটুকু দেখাই মানবিকতা
সবটুকু জেনো নিজেরটা রেখে হাতে ।
সভয়াকে নিয়ে বিদ্রোহ করি ,
অভয়াকে দিই গালি ।
সভয়ার ব্যথা ভারি বুকে লাগে
অভয়া চোখের বালি ।
দুঃখ সেটাও হিসেবেতে মাপা
রঙ, দল দেখে পায় ।
মানুষের পাশে দাঁড়ানো মানুষ ,
খুঁজে পাওয়া বড়ো দায় ।