রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ ও বিএনপি নেতা আবুল বাদশা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও দুই র্যাব-২ র্গ্রেপ্তারের
রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে সংঘটিত চাঞ্চল্যকর বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. সুমন (২৫) এবং কথিত হুকুমদাতা মো. শহীদ (৫৯)-কে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব জানায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার গ্রুপের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের সংঘর্ষ হয়।
এরপর ১ জুলাই সন্ধ্যায় দুই পক্ষ বিরোধ মীমাংসার জন্য সালিশে বসে। তবে কোনো সমাধান না হওয়ায় রাত আনুমানিক ৮টার দিকে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা সালিশস্থল ত্যাগ করার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবুল বাশার বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই র্যাব-২ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে। ৩ জুলাই নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত মো. সুমন জামালপুর সদর এলাকায় এবং কথিত হুকুমদাতা মো. শহীদ ময়মনসিংহের নান্দাইল এলাকায় অবস্থান করছেন।
পরবর্তীতে র্যাব-২ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে বিশেষ অভিযান চালিয়ে মো. সুমন ও মো. শহীদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির অধীনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।