শুক্রবার, জুলাই ৩, ২০২৬

প্রযুক্তির নিখুঁত ব্যবহার: নেত্রকোনা পুলিশের সফল অভিযানে শেরপুর থেকে চোর গ্রেফতার,গরু উদ্ধার

  • মহিউদ্দিন তালুকদার
  • ২০২৬-০৭-০২ ১৫:৫৩:৪৬

​নেত্রকোনা প্রতিনিধি:
অপরাধীর অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। আলোচিত একটি চুরির ঘটনার রহস্য উন্মোচন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকা মূল্যের চোরাই গরু।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় একটি চুরির মামলা রুজু হয় (মামলা নং- ২৭, ধারা- ৩৮০/৪৫৭ দণ্ডবিধি)। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশের একটি চৌকস দল। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হওয়া যায় শেরপুর এলাকায়।
​তৎক্ষণাৎ নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল শেরপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে চোর চক্রের তিন সদস্য-মো: শাহালম ওরফে আলম (৩৯), মো: সামিউল (৩৭) এবং আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুটিকে উদ্ধার করা হয়।
​স্থানীয়রা জানান, নেত্রকোনা মডেল থানার পুলিশ যেভাবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এমন দ্রুত অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
​এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এখন অনেক সহজ হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো চুরির ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।"
​পুলিশের এই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেত্রকোনা মডেল এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


এ জাতীয় আরো খবর