আমাকে ডেকে নিও তুমি সন্ধ্যা তারার আকাশে
যেখানে তিমির ঘনায় রক্তিম আলপনা এঁকে
কোলাহল থেমে যায় পাখির মিহি স্বরে
আমাকে ডেকে নিও তুমি প্রশান্ত প্রান্তে
খেয়ালি ভাবনায় গভীর একাকিত্বে
সুদূরের ঠিকানায়।
আমি কল্পনার রঙিন পালে এক আকাশ নৌকা সাজাবো,
বেলি ফুলের ডালি ভরে তোমার পদতলে
কুসুম শীতল সজ্জা বিছাবো,
দখিন হাওয়ার দোলনায় বসন্তের আগমনী গেয়ে
জোছনার পেয়ালা ভরবো।
নদী ও নারীর সৌন্দর্যে এ দেশ ও মাটি যেমন একাকার
তেমনি বিভোর আর লুটোপুটি হয়ে
তুমি-আমি অজানা মায়ার প্রাঙ্গণে নিভৃত অরণ্য হবো।
ভালোবাসার মূল্যে বেড়ে ওঠা আমার কল্পলোক
সুদূরপ্রসারী ভাবনার গভীরে তোমাকে সাজায়
আর আবিষ্কার করে;
প্রেমের অমূল্য ধন মনের মধ্যে জমে- জমে
মহামূল্যবান রত্ন হয় কমে না কখনও,
বরং ক্রমশ বাড়তে থাকে প্রেমিকের
আন্তর্বাহী কল্পনার মায়াজালের অবাক বৃত্তে-
প্রকাশ করলে তা কবিতা হয়,
না করলে নিরেট পাথর,
কিন্তু সে পাথরেও একদিন ফুল ফোটে;
গোলাপ, গাঁদা, শেফালি, বেলি কত কী !