বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

প্র দী প গু প্ত

  • কাল কেনো নি?
  • ২০২৬-০৭-০১ ২০:৩৫:৩১

আরে অবিনাশ ! এসো এসো, বসো,
বাজারের থলেটাতো আর বইতে পারছো না দেখি,
এসো এই ছায়ায় দু দন্ড বোসো তো দেখি, 
একটু আরাম করো, সারাটা জীবন ধরেই তো -

থলের মুখটা এতো হাঁ করে খোলা কেন অবিনাশ!
দেখো দেখো সুখগুলো কেমন পিছলে বেরিয়ে গেল।
ধরো -- ওগুলোকে ধরো , ফের ব্যাগে পোরো।
এতটুকুই তো সুখ 
সেটুকুও বেরিয়ে গেলে আর কীইবা থাকে পড়ে
কত দাম নিলো! অনেক বোধহয়!
কি বললে সারা জীবনের সঞ্চয় দিয়ে --- 
তাই তো কিনতে হয় অবিনাশ, ওটুকুর জন্যই তো বেঁচে থাকা।

এত জল কোত্থেকে বেরুচ্ছে বল দেখি ? 
কি বললে ওটাও দামী বুঝি খুব?
আনন্দ আর সমস্ত দুঃখের দামে কিনেছো ওগুলো ?
এত জল তোমার দু'চোখে কোথায় ধরেছিলে অবিনাশ?
এক সাগর জল! নোনতা বুঝি খুব ?  
যাক সামলে রাখো। অযথা নষ্ট কোরোনা।

আরে দ্যাখো দ্যাখো কত গুলো মুখ !  
কারা ওরা ?  শত্রু তোমার?  ওরাও খুব দামী?
কেন?  ওদের হাত ধরেই জীবন চিনেছো তুমি?  
ওরাও শিক্ষক বুঝি?  বাঃ , তুমি তো অবাক মানুষ!
ওদেরও বুঝি ফেলে দিতে নেই? এটা ভালো।

অবিনাশ বন্ধু কেনো নি?  ও বন্ধুত্ব কেনার নয়?
ওরা বুঝি নিজেরাই আসে, যেচে বিপদের দিনে
বাড়িয়ে দেয় উষ্ণ দুটো অমলিন হাত?

এবারে উঠবে?  আচ্ছা এসো অবিনাশ।
আবার নাহয় অন্য কোনোদিন --

আচ্ছা?  কাল কেনো নি? কাল, বুঝলে না?
তুমি চলে যাওয়া মানে তো আর চলে যাওয়া নয়,
আরও কতকাল থেকে যাবে এই সুরে, গানে হাওয়ায় হাওয়ায়,
মানুষের অন্তরের মাঝে ---
সবচেয়ে দামী যেটা, সেটাই ভরনি থলিতে !!
যাও, তাড়াতাড়ি দেখো কোনো দোকানী
কাল নিয়ে বসে আছে কিনা।
বেলা যে যায় অবিনাশ ---


এ জাতীয় আরো খবর