বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • যা হইনি তাই হবো
  • ২০২৬-০৭-০১ ২০:৩১:০৯

হাত ছেড়ে চলে গেছে 
জীবনের অগণিত দিন । 
কমেছে হাড়ের জোর , 
চোখেরও দৃষ্টি কিছু ক্ষীণ । 

ত্বকেতে পড়েছে ভাঁজ , 
চুলটাও কমতির দিকে । 
পার করে পঞ্চাশ , 
আয়নাতে সবকিছু ফিকে ।
 
এখনই তো মন বলে , 
করি কিছু , করিনি যা আগে । 
কত কত ইচ্ছেরা 
হঠাৎই কবর খুঁড়ে জাগে । 

মনে হয় ওই দূরে 
পাহাড়ের গা বেয়ে উঠি । 
সাগরের ঢেউ ঘেঁষে
দুহাত বাড়িয়ে খুব ছুটি । 

ওই যে কিশোরী মেয়ে , 
যে পোশাকে আধুনিকা হয় ! 
তেমনই পোশাক পরি , 
প্রেমিকের মন করি জয় । 

চোখেতে কাজল টানি , 
খুব করে ঠোঁটে মাখি রঙ । 
বলে তো বলুক লোকে , 
বুড়ো বয়সেও কত ঢঙ । 

আর তো পাবোনা ফিরে 
এসেছি যতটা পথ ফেলে ! 
যা হইনি তাই হবো , 
কিশোরী জীবন ফিরে পেলে ।

 


এ জাতীয় আরো খবর