বুধবার, জুলাই ১, ২০২৬

টাইব্রেকারের নাটকে জার্মানিকে বিদায় করে শেষ ষোলে প্যারাগুয়ের ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-৩০ ১১:২৩:৪৭
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে বড় সাফল্য পেল প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। অন্যদিকে ঐতিহাসিক এই জয়ে শেষ ষোলে জায়গা নিশ্চিত করে উচ্ছ্বাসে ভাসে প্যারাগুয়ে।
ফক্সবোরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে জুলিও এনসিসো গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন। বিরতির পর ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের নিখুঁত ক্রস থেকে কেই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। চলতি আসরে এটি ছিল হাভার্টজের তৃতীয় গোল।
এরপর উভয় দলই জয়ের সুযোগ পেলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। অতিরিক্ত সময়ে জোনাথান তাহের একটি হেড জালে জড়ালেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে ফাউলের কারণে গোলটি বাতিল হয়।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল। তিনি হাভার্টজ ও নিক ভল্টেমাডের শট ঠেকিয়ে দেন। যদিও প্যারাগুয়ের খেলোয়াড়রাও দুটি সুযোগ নষ্ট করেন, তবু শেষ শটে হোসে কানালে গোল করে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।
ম্যাচ শেষে আবেগাপ্লুত গিল বলেন, দল কঠিন সময়েও আত্মবিশ্বাস হারায়নি। পেনাল্টির আগে প্রতিপক্ষের মানসিকতা বোঝার চেষ্টা করেছিলেন বলেই দুটি শট ঠেকাতে পেরেছেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর এই সাফল্য তিনি দেশের মানুষের উদ্দেশে উৎসর্গ করেন।
২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলতে নেমে আবারও হতাশা সঙ্গী হলো জার্মানির। অন্যদিকে বিশ্বকাপের নকআউট ইতিহাসে নিজেদের প্রথম গোল এবং সবচেয়ে বড় জয় তুলে নিয়ে নতুন অধ্যায় রচনা করল প্যারাগুয়ে।
ম্যাচের শুরুতেই কর্নার থেকে জুনিয়র আলোনসো এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার তা রুখে দেন। এরপর জার্মানি আক্রমণে চাপ বাড়ালেও ডেনিজ উনডাভসহ ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি।
বিরতির ঠিক আগে মাটিয়াস গালারসার ক্রস থেকে ফাঁকায় থাকা এনসিসো গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎসকাকে নামিয়ে আক্রমণের গতি বাড়ান জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান। তার ফলও আসে দ্রুত। ভির্টজের ক্রসে হাভার্টজ গোল করে সমতা ফেরান। পরে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গিলের দৃঢ়তায় জার্মানদের হতাশ হতে হয়।

প্যারাগুয়ে, জার্মানি, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর