বুধবার, জুলাই ১, ২০২৬

ইনজুরি টাইমে মার্টিনেলির গোলে ব্রাজিলের শেষ ষোলে উত্তরণ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-৩০ ০৯:১৫:৪৬
ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে দারুণ লড়াইয়ের পর বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলির ইনজুরি টাইমের গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে আর্সেনালের উইঙ্গার মার্টিনেলি জয়সূচক গোলটি করেন। শেষ মুহূর্তের এই গোলে হাজারো জাপানি সমর্থকের হতাশার মাঝেই স্বস্তির উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল শিবির।
শেষ ষোলে আগামী রোববার নিউ জার্সিতে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের ২৯তম মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান। ব্রাজিলের মাঝমাঠের ভুলের সুযোগ নিয়ে বল দখল করে একক প্রচেষ্টায় গোল করেন বুন্দেসলিগার ক্লাব মেইঞ্জের এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
গোল হজমের পর প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। উল্লেখযোগ্য আক্রমণও গড়ে তুলতে পারেনি তারা। বিরতির পর আনচেলত্তি একাদশে পরিবর্তন এনে লুকাস পাকুয়েটার বদলে তরুণ এনড্রিককে নামান।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালহেসের ক্রস থেকে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো হেডে সমতা ফেরান।
সমতার পর একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। জাপানের রক্ষণভাগও একাধিকবার নিশ্চিত গোল রুখে দেয়। বিশেষ করে তাকেহিরো তোমিয়াসু দুবার গোললাইন থেকে বল সরিয়ে দেন।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ে আক্রমণে উঠে আসে ব্রাজিল। শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে মার্টিনেলি জালে বল পাঠালে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় সেলেসাওদের।
বিশ্বকাপে নকআউট পর্বে জাপানের জয়ের অপেক্ষা এবারও শেষ হলো না। তবে এবারের আসরে গ্রুপপর্বে তাদের পারফরম্যান্সে দলটিকে অন্যতম চমক হিসেবেই বিবেচনা করা হচ্ছিল।
হিউস্টনের গ্যালারিতে ছিল প্রায় ৬৮ হাজার ৭৭৭ দর্শক। ম্যাচজুড়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি বদলি বেঞ্চে থাকা নেইমারের ছবি বড় পর্দায় ভেসে উঠলেই গ্যালারিতে করতালির ঝড় ওঠে।

ব্রাজিল, জাপান, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর