হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ-১-এর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটের পরাজয়ে সেমিফাইনালের ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায় টাইগ্রেসদের। তবে বিদায়ের ম্যাচেও লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছে নিগার সুলতানার দল।
রোববার লর্ডসে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এরপর ১২ বলে ১ রান করে ফেরেন তাজ নেহার। মাত্র ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দল।
সেই চাপ সামাল দেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। তৃতীয় উইকেটে ৬২ বলে ৫৬ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান তারা। শারমিন ২৯ বলে ২২ এবং সোবহানা ৪৮ বলে ৪২ রান করেন। পরে স্বর্ণা আক্তার ৪ রান করে ফিরলেও শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে সংগ্রহ বাড়ে বাংলাদেশের। চারটি চার ও একটি ছক্কায় ২০ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি। রিতু মনি ১ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান তোলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা নেন দুটি উইকেট।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টকে বোল্ড করে দেন মারুফা আক্তার।
এরপর তাজমিন ব্রিটস ও আনিরি ডার্কসেন ৫২ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ব্রিটস ২০ ও ডার্কসেন ৪৫ রান করেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার এই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও ম্যাচে ফেরান। পরে ভ্যান নিকার্ক ৪ রান করে মেঘলার শিকার হন এবং মারিজানে কাপ্প ১৬ রান করে রানআউট হলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়।
শেষ ১৫ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান। তবে শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ৬ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুটি এবং মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি একটি করে উইকেট নেন।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে। অন্যদিকে বাংলাদেশ ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারালেও শেষ পর্যন্ত শেষ চারে জায়গা করে নিতে পারেনি টাইগ্রেসরা।
বাংলাদেশ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা