রবিবার, জুন ২১, ২০২৬

'এআই ওয়ার্ল্ড হেরিটেজ অ্যান্ড ঝেং হে লিগ্যাসি’ পোস্টার প্রতিযোগিতায় বাংলাদেশি তরুণদের আমন্ত্রণ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-২০ ১৩:৫৯:৩০

চীন প্রতিনিধি: বাংলাদেশসহ ঐতিহাসিক সামুদ্রিক সিল্ক রোডভুক্ত বিভিন্ন দেশের তরুণদের জন্য ‘‘এআই ওয়ার্ল্ড হেরিটেজ অ্যান্ড ঝেং হে লিগ্যাসি’’ শীর্ষক আন্তর্জাতিক সৃজনশীল পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক বিনিময় এবং চীনের কিংবদন্তি নাবিক ঝেং হের উত্তরাধিকারকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ঝেং হের ঐতিহাসিক সমুদ্রযাত্রার স্মরণে এবং সামুদ্রিক সিল্ক রোডের দেশগুলোর মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই ) এবং ডিজিটাল সৃজনশীলতার মাধ্যমে বিশ্ব ঐতিহ্য ও সামুদ্রিক ইতিহাসের পারস্পরিক সম্পর্ক তুলে ধরতে উৎসাহিত করা হচ্ছে।
ছয় শতাধিক বছর আগে চীনের ইউনান প্রদেশের বিখ্যাত নাবিক ঝেং হে সাতটি ঐতিহাসিক সমুদ্র অভিযান পরিচালনা করেন। তাঁর অভিযাত্রা মালাক্কা প্রণালি অতিক্রম করে ভারত মহাসাগর পাড়ি দিয়ে পূর্ব আফ্রিকার উপকূল পর্যন্ত পৌঁছায়। এসব অভিযানের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে বাণিজ্য, সাংস্কৃতিক আদান-প্রদান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ ঘটে।
প্রতিযোগিতায় বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালসহ সামুদ্রিক সিল্ক রোডের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তরুণ ডিজাইনার, সাংস্কৃতিক ও সৃজনশীল পেশাজীবী এবং ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিতে পারবেন।
অংশগ্রহণকারীদের নিজ নিজ দেশের অন্তত একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যকে পোস্টারের মূল উপাদান হিসেবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে সুন্দরবন এবং পাহাড়পুর বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ (সোমপুর মহাবিহার) অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া ঝেং হের সমুদ্রযাত্রা এবং সামুদ্রিক সিল্ক রোডভুক্ত অন্যান্য দেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো থেকেও অনুপ্রেরণা নেওয়া যাবে।
আয়োজকরা পোস্টার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করছেন। তবে প্রচলিত অঙ্কন পদ্ধতি কিংবা বিভিন্ন ডিজাইন সফটওয়্যারও ব্যবহার করা যাবে। প্রতিটি পোস্টারের সঙ্গে একটি সংক্ষিপ্ত ডিজাইন বিবরণী জমা দিতে হবে, যেখানে সৃজনশীল ধারণা, এআই প্রযুক্তির ব্যবহার এবং নির্বাচিত বিশ্ব ঐতিহ্যের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে।
প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ চলবে ৬ জুন থেকে ১০ জুলাই ২০২৬ পর্যন্ত। এরপর ১১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বিচারকার্য অনুষ্ঠিত হবে। বিজয়ী পোস্টারগুলো চীনে অনলাইন প্রদর্শনীতে স্থান পাবে। এছাড়া নির্বাচিত পোস্টার ইন্দোনেশিয়ার জাকার্তা এবং শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত অফলাইন প্রদর্শনীতেও প্রদর্শিত হবে।
বিশ্ব ঐতিহ্য বিশেষজ্ঞ, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জুরি বোর্ড সাংস্কৃতিক সত্যতা, শিল্পমান, প্রযুক্তিগত দক্ষতা এবং বার্তা উপস্থাপনের কার্যকারিতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করবেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৩,০০০ ইউয়ান, তিনটি দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রতিটি ১,০০০ ইউয়ান, পাঁচটি তৃতীয় পুরস্কার হিসেবে প্রতিটি ৫০০ ইউয়ান এবং ২০টি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিজয়ীরা সনদপত্রও পাবেন। এক্সেলেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত পোস্টারগুলো অফলাইন প্রদর্শনীতে প্রদর্শনের সুযোগ পাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং একজন অংশগ্রহণকারী একাধিক পোস্টার জমা দিতে পারবেন। পোস্টারগুলো JPG, JPEG অথবা PNG ফরম্যাটে ডিজিটালি জমা দিতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা chinanewsyn@163.com-এ পোস্টার পাঠাতে হবে।
আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক সংলাপ আরও জোরদার হবে, বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য ও আন্তঃসভ্যতার বন্ধুত্বের গল্প নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হবে।


এ জাতীয় আরো খবর